রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্ত শেষ পর্যায়ে। দুই আসামির বিরুদ্ধে চলতি সপ্তাহেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা পুলিশ।
রংপুর নগরীর আলোচিত চার খুনের ঘটনায় তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করে চলতি সপ্তাহের মধ্যেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদারকি কর্মকর্তা ও রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘ তদন্ত, ডিএনএ পরীক্ষার ফলাফল এবং সংগৃহীত বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। এ ঘটনায় অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, এ পর্যন্ত অন্তত ৫০ জনের বক্তব্য গ্রহণ করা হয়েছে। মামলার তদন্তভার ডিবির কাছে আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। আদালতে জমা দেওয়ার আগে প্রয়োজনীয় পর্যালোচনা ও যাচাই-বাছাই চলছে। দুই অভিযুক্তই বর্তমানে কারাগারে রয়েছেন।
তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখানকার পরীক্ষায় কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ শনাক্ত হয়েছে।
পরীক্ষার ফলাফলে খেজুরের বিচিতে মুগ্ধ দাস এবং শসার টুকরায় সিদ্ধার্থ দাসের ডিএনএ পাওয়া যায়। বিড়ির অবশিষ্টাংশে দুজনেরই ডিএনএ শনাক্ত হয়েছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় মুগ্ধ দাসের ডিএনএ মিলেছে।
গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দফায় ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ছিল খেজুরের বিচি, শসার অংশ, ফল কাটার ছুরি, মাদক সেবনের ফয়েল, বিড়ির অবশিষ্টাংশ, বেসিনের দাগ এবং দুই অভিযুক্তের রক্তের নমুনা। এসব পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার করা আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতেই অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা।
এদিকে হত্যাকাণ্ডের পর নিহত গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। বিষয়টি নিশ্চিত হতে তাদের ভ্যাজাইনাল সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তী অবসর গ্রহণের পর পাওয়া প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছিলেন বলে জানতে পেরেছিল অভিযুক্তরা। বাড়িতে স্বর্ণালংকার থাকার ধারণাও ছিল তাদের। এসব সম্পদ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ ব্যবহার করে তারা গণপতিদের বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের চার সদস্যকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
তবে মাত্র দুজনের পক্ষে পরিবারের চার সদস্যকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে দাবি করে তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন স্বজন, এলাকাবাসী এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।