জামালপুরের মাদারগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে দুই লাখ টাকা হারিয়েছেন লাভলী বেগম নামে এক নারী।
মঙ্গলবার দুপুরে উপজেলার বালিজুড়ী নূরুন্নাহার মার্কেটের সোনালী ব্যাংকের নিচে ফার্মেসিতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লাভলী বেগম বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকার কলম মন্ডলের স্ত্রী।
জানা গেছে ভুক্তভোগী নারী'র দুই ছেলে কুয়েত প্রবাসী লাঞ্জু ও রবিউল । কুয়েত থেকে দুই ছেলের পাঠানো দুই লাখ টাকা সোনালী ব্যাংক বালিজুড়ী বাজার শাখা থেকে উত্তোলন করেন তিনি। ব্যাংকের নিচে একটি ফার্মেসিতে এসে ঔষধ নেওয়ার সময় ভ্যানিটি ব্যাগে রাখা দুই লাখ টাকা খোয়া যায়।
ফার্মেসির সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন তিন নারীর উপস্থিতি দেখা গেছে বলে দাবি তাঁর। দুই লাখ টাকা মহিলা চোর চক্রের মাধ্যমে খোয়া যাওয়ায় বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন তিনি।
বার বার ভাবছেন তিনি স্বামী ও ছেলেদের কি জবাব দেবেন টাকা হারিয়ে দিশেহারা ভুক্তভোগী লাভলী বেগম। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ হয়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিস রায় জানান, বিষয়টি অবগত হওয়ার পর ইতোমধ্যে আমাদের টিম কাজ শুরু করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



