ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের জালকুড়িতে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ সংঘাতের সূত্রপাত হয়। এর আগে দুপুর পৌনে ৩টার দিকে শ্রমিকেরা সংযোগ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় তাদের অবস্থানের কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরি করে। তবে বাধা অতিক্রম করে শ্রমিকেরা মূল সড়কে চলে আসেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ চালিয়ে গেলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় বিক্ষোভকারীদের ইটপাটকেল নিক্ষেপ ও আগুন জ্বালানোর ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়। যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।




