দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র ও সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার বিকেলে তিন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শহরের চারখাম্বা মোড় থেকে মিছিলটি শুরু হয়। সংগঠনগুলোর জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। এমন পরিস্থিতিতে দেশের বাইরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, রোববার রাতে যশোরের জুলাই স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগ এবং শহরের মাইকপট্টি এলাকায় পরিকল্পিতভাবে মিছিল করার ঘটনা একই ষড়যন্ত্রের অংশ। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সমাবেশ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত দলটিকে আর কোনোভাবেই রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে দেওয়া হবে না।
কর্মসূচিতে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান।




