প্রযুক্তির দ্রুত পরিবর্তনে সাংবাদিকতার ধরনেও আসছে নানা পরিবর্তন। এ বাস্তবতায় গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়াতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্য যাচাইবিষয়ক প্রশিক্ষণ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়। ২৬ নভেম্বর পর্যন্ত চলবে প্রশিক্ষণটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বক্তব্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তথ্য যাচাই এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতেও সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করা প্রয়োজন।
উপাচার্য আরও বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র, উন্নয়ন এবং অগ্রগতির বিষয়গুলো তুলে ধরতে হবে। গুজব কিংবা ভিত্তিহীন সংবাদ সমাজ ও প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। এর বিপরীতে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতা কল্যাণকর ভূমিকা রাখতে পারে।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করায় তিনি পিআইবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান পেশাগত কাজে ব্যবহারের জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।