রংপুর মহানগরী ও সদর উপজেলার ২৫৫টি দুর্গাপূজা মণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় করে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা সচল রাখার আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান সামু। একই সঙ্গে সরকারি বরাদ্দের চাল বুঝে নেওয়া এবং বিতরণে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবারের সভায় সামু বলেন, দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজামণ্ডপ কমিটিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা প্রয়োজন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ফুটেজের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা যায়।
সরকারি বরাদ্দের চাল নিয়ে তিনি বলেন, প্রতিটি মণ্ডপের জন্য বরাদ্দ করা চাল সংশ্লিষ্ট কমিটিকে বুঝে নিতে হবে। এ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না। নিজে উপস্থিত থেকে চাল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করার কথাও জানান তিনি।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামু নগরীর উন্নয়ন প্রসঙ্গে বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ, যানজট নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। সভা শেষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে দুই হাজার টাকা করে শুভেচ্ছা উপহার দেন তিনি। এর মধ্যে রংপুর মহানগরীর ১৬০টি এবং সদর উপজেলার ৯৫টি মণ্ডপ রয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি রাম জীবন কুণ্ডুর সভাপতিত্বে সভায় জেলা ও মহানগর কমিটির নেতারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের নেতারা অংশ নেন।




