আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাল টাকা কারবারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জাল নোট তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় এ অভিযান চালানো হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের কামাল সরদার (৪৮) এবং গৌরনদী উপজেলার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। পুলিশের তথ্য অনুযায়ী, তারা গাজীপুরের কাশিমপুর থানার ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধানে জাল টাকা উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হয়। আশুলিয়া থানার এসআই মো. ছাইয়েদুল ইসলাম অভিযানটির নেতৃত্ব দেন।
অভিযানে কামাল সরদারের কাছ থেকে এক হাজার ও ৫০০ টাকা মূল্যমানের মোট ৮১১টি জাল নোট উদ্ধার করা হয়। মানিক সরকারের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১০০ ও ৫০ টাকা মূল্যমানের আরও ৭৪৯টি জাল নোট। সব মিলিয়ে উদ্ধার করা নোটের সংখ্যা ১ হাজার ৫৬০টি, যার মোট মূল্য ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।
এ ছাড়া নোট শক্ত করার কাজে ব্যবহৃত আঠা এবং বরিশাল-ল-১১-০৭৫২ নম্বরের একটি পুরোনো কালো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। জাল নোটের উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।




