বাগেরহাটের মোল্লাহাটে ‘হাবিব বাহিনী’র নামে হামলা, নির্যাতন, হুমকি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন। হাবিবুর রহমান মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে তাকে ‘হাবিব বাহিনী’র প্রধান হিসেবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে। তার দাবি, এসব প্রতিবেদনে অভিযোগ যথাযথভাবে যাচাই করা হয়নি এবং তার বক্তব্যও সঠিকভাবে তুলে ধরা হয়নি। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তার কোনো বাহিনী নেই বলেও দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে হামলা, নির্যাতন, হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং মানুষকে গ্রামে ফিরতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হোক। নিরপেক্ষ তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে এলে তিনি সহযোগিতা করবেন।
নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন সংবাদে প্রায় ডজনখানেক মামলা ও সাধারণ ডায়েরির (জিডি) কথা বলা হলেও তার জানা মতে, থানার তথ্যে তিনটি মামলা রয়েছে। মামলা ও জিডির সংখ্যা আলাদাভাবে যাচাই করে প্রকাশের দাবি জানান তিনি।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘হাবিব বাহিনী’ নামে কোনো বাহিনীর তথ্য পুলিশের কাছে নেই। হাবিবুর রহমানের বিরুদ্ধে আগের তিনটি মামলা রয়েছে। এ ছাড়া অন্য কোনো মামলা আছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান স্থানীয় একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের কথা উল্লেখ করেন। তার দাবি, কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে গ্রামবাসী বিভিন্ন দপ্তরে আবেদন দেওয়ার পর তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাইয়ের আহ্বান জানান তিনি।
প্রকাশিত সংবাদে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধন এবং তার বক্তব্য প্রকাশের দাবি জানান হাবিবুর রহমান। এ বিষয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনগত নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।