ইতিহাস ও ঐতিহ্যের স্মরণে কেক কাটা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পালিত হয়েছে শুভ পাবনা দিবস। জেলা হিসেবে স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পাবনা প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও কামনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী কামনা।
প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন আব্দুল মতীন খাঁন, মির্জা আজাদ, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, শহীদুর রহমান শহীদ, আব্দুল হামিদ খাঁন, আহমেদ হুমায়ুন কবির তপু, রিজভী জয়, পাভেল মৃধা ও রাজিউর রহমান রুমী।
বক্তারা বলেন, পাবনার রয়েছে গৌরবময় অতীত ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে এ জেলার অবদান স্মরণীয়। এ ঐতিহ্য ধরে রাখতে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো এবং জেলার উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে পাবনার ইতিহাস ও অর্জন তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে দিবসের আনন্দ উদযাপন করেন।