ধর্মীয় স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে বাংলাদেশ রাষ্ট্র সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম পালনে স্বীকৃতি ও উৎসাহ দেয় বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের শ্যাম সুন্দর জিউ আখড়া, আনন্দময়ী কালী মন্দির ও ত্রিনয়নী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
ডিআইজি বলেন, আবহমানকাল থেকে বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। পারস্পরিক সম্প্রীতির বন্ধন দীর্ঘদিনের। তবে কোনো কারণে সেই বন্ধনে কিছুটা ছেদ পড়েছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, রাষ্ট্র সব ধর্মের স্বাধীন চর্চাকে স্বীকৃতি দেয় এবং ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। এ লক্ষ্য সামনে রেখেই বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি মানিক সাহা প্রমুখ।