যমুনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে সিরাজগঞ্জের কাজীপুরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। অভিযানে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দের পাশাপাশি এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে কাজীপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা অংশ নেন। কর্মকর্তারা জানান, জব্দ করা জালের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। অভিযান শেষে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, কারেন্ট জালে মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে। এতে দেশীয় মাছের বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের ক্ষতি হতে পারে।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চলছে। নদী ও জলজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।




