নোয়াখালীর বেগমগঞ্জে মিজানুর রহমান মিজান (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটে তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মিজানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
মিজান ১ নম্বর আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যার ছেলে। স্থানীয়ভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ।
তার অভিযোগ, ‘কানা নিজাম’ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল মিজানের দোকানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বুকের বাঁ পাশে গুলি লাগে। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় আরও কয়েকজনের নাম উল্লেখ করে তাদের জড়িত থাকার অভিযোগও করেছেন আবু জায়েদ। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা গুলিবিদ্ধ মিজানকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকেও তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঘটনার পর আমানউল্যাপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




