শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা। শহরের মুজিব সড়কে ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। মেলায় গৃহস্থালির সামগ্রী, ঝুড়ি-বুন্দি, শিশুদের খেলনাসহ বিভিন্ন ধরনের সৌখিন পণ্য বিক্রি হচ্ছে। পছন্দের পণ্য কিনতে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বাড়ছে।
পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসছেন অনেকে। তাদের কাছে মেলার বিভিন্ন পণ্যের পাশাপাশি পুরোনো দিনের স্মৃতিও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। কল্যাণীরাণী নামে এক নারী জানান, মেলায় শিশুদের খেলনাসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে ঝুড়ি-বুন্দি ও বিভিন্ন সাজসজ্জার সামগ্রী তার ভালো লেগেছে। ছোটবেলায় গ্রামীণ মেলায় এসব পণ্য পাওয়া যেত। এখন আগের মতো গ্রামীণ মেলা না বসায় এখানে এসে পুরোনো দিনের স্মৃতি মনে পড়ছে।
নাতি-নাতনিদের নিয়ে মেলায় এসেছেন ওয়ারেছ আলী। তিনি বলেন, ছোটবেলায় বিভিন্ন এলাকায় গ্রামীণ মেলা বসত। মেলায় নানা ধরনের পণ্য উঠত। ভাইবোন মিলে মেলায় গিয়ে খেলনা ও ঝুড়ি-বুন্দি কিনতেন। মা-বাবা সারা বছরের জন্য হলুদ, মরিচ ও মসলাজাতীয় পণ্য কিনে রাখতেন। মেলায় পুতুলনাচও ছিল বাড়তি আকর্ষণ। বর্তমান মেলায় এসে সেই দিনগুলোর কথা মনে পড়ছে।
সিরাজগঞ্জ ব্রাহ্মণ কল্যাণ সমিতির সভাপতি অশোক কুমার ব্যানার্জি বলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এ মেলা প্রতিবছরই দুর্গাপূজা উপলক্ষে শহরের মুজিব সড়কে বসে। মেলায় হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ আসেন। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের উপস্থিতিতে অনেকের বাড়িতেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস বলেন, দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনব্যাপী এ মেলাকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিদিন মেলায় বিপুল পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।




