নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মজিবনগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে সাজা ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মজিবনগর গ্রামের মো. হারিস মিয়ার ছেলে আল আমিন (৩৮) এবং মো. ফজল হকের ছেলে রাকিব মিয়া (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে আল আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরে মাদক সেবনের অভিযোগে আল আমিন ও রাকিবকে আটক করা হয়।
পরে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার এবং পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আল আমিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে রাকিবকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সাজা ঘোষণার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে দুজনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




