শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মন্দিরের উন্নয়নে তিন লাখ টাকা অনুদানের ঘোষণা দেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে দুর্গাপূজা আনন্দের সঙ্গে উদযাপনের জন্য সরকার প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে চন্দনাইশকে সম্প্রীতির উপজেলা হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।
সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত পক্ষ থেকেও চন্দনাইশের প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। তিনি পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের কথা তুলে ধরেন।
গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেবসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।