কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদ ও ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে উখিয়া থানায় মামলাটি করা হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
পুলিশ জানায়, শনিবার বিকেলে রিসোর্টের ম্যানেজার সুমনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটলেও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয়। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।