চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে এক দিনে ৭৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মাদক কারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ ও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ নভেম্বর দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় ৮১ জন, আগের মামলায় ৯০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৭ জন, বিভিন্ন পরোয়ানায় ১১২ জন এবং সাজা পরোয়ানায় ১৯ জনকে আটক করা হয়।
অভিযানের অন্যতম লক্ষ্য ছিল মাদক নির্মূল। এ সংক্রান্ত মামলায় ৭৭ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধে আটক হয়েছেন ১১৪ জন।
অভিযানকালে পুলিশ ৫ হাজার ৫৪৯ পিস ইয়াবা, ২৩ কেজি ৪৭০ গ্রাম গাঁজা এবং ১৬২ লিটার চোলাই মদ উদ্ধার করে। এসব ঘটনায় ২৯টি মাদক মামলা করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৮ জন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ২৬ জন, চট্টগ্রামে ১৩ জন, লক্ষ্মীপুরে পাঁচজন, কক্সবাজার, নোয়াখালী ও ফেনীতে তিনজন করে, চাঁদপুরে দুজন এবং খাগড়াছড়িতে তিনজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩২১ জনকে। তাদের মধ্যে ১৬৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৫৭ জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩৭, কক্সবাজারে ২৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২০, চাঁদপুরে পাঁচ, নোয়াখালীতে ২৮, ফেনীতে পাঁচ, লক্ষ্মীপুরে ২৮, রাঙামাটিতে সাত, খাগড়াছড়িতে সাত এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।