রেল যোগাযোগের সুবিধা বাড়াতে এবার ট্রেন থামিয়ে প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্থানীয় বাসিন্দারা। লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে চারটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তাদের এ কর্মসূচি পালিত হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় মানববন্ধন করেন আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। একপর্যায়ে দাবি আদায়ে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস এবং পাবনা থেকে আসা প্রভাতী এক্সপ্রেস ট্রেনের চলাচল আটকে দেন তারা।
স্থানীয়দের এই কর্মসূচির কারণে তিনটি ট্রেন প্রায় ২০ মিনিট করে আটকে থাকে। পরে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেনগুলো স্টেশন ছেড়ে যায়।
আন্দোলনকারীদের দাবি, লাহিড়ী মোহনপুর স্টেশনে চারটি আন্তনগর ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি চালু করতে হবে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর উদ্যোগ না থাকায় তারা মানববন্ধন ও ট্রেন অবরোধের মতো কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এ স্টেশনে আন্তনগর ট্রেন থামলে উল্লাপাড়াসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। বর্তমানে দূরপাল্লার ট্রেনে ভ্রমণের জন্য তাদের অন্য স্টেশনে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়। চারটি ট্রেনের যাত্রাবিরতি চালু হলে শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।
লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার রেজওয়ান হোসেন জানান, আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেন। এ সময় তারা তিনটি ট্রেন আটকে দেন। পরে প্রতিটি ট্রেন প্রায় ২০ মিনিট বিলম্বে স্টেশন ত্যাগ করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আন্দোলনকারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশ কথা বলেছে। পরে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।