চট্টগ্রাম বন্দরে থাকা বিপুল পরিমাণ তাজা আপেল বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অনলাইন নিলামের মাধ্যমে দুই লটে মোট ৪৭ হাজার ৪৪০ কেজি আপেল বিক্রি করা হবে।
আগামী ২৬ নভেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। প্রতিটি লটে ২৩ হাজার ৭২০ কেজি করে আপেল রাখা হয়েছে। একেকটি লটের প্রাথমিক সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৪১ হাজার ৬১৯ টাকা ২১ পয়সা। দুই লটের জন্য মোট সংরক্ষিত মূল্য দাঁড়িয়েছে ৯২ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা ৪২ পয়সা।
চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে ২৬ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের ই-অকশন ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী ক্রেতারা এ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। নিলামসংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের ওয়েবসাইটেও পাওয়া যাবে।
নিলামে অংশ নেওয়ার আগে ক্রেতাদের পণ্য সরেজমিনে দেখার সুযোগ রাখা হয়েছে। ২৫ নভেম্বর অফিস চলাকালীন নির্ধারিত স্থানে গিয়ে আপেলের অবস্থা ও পরিমাণ পরিদর্শন করা যাবে। দরপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, টিআইএন সনদসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। পাশাপাশি নিয়ম অনুযায়ী নির্ধারিত জামানত পরিশোধ করতে হবে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার নাজমুল হোসেন জানান, বন্দরে পণ্য জমে থাকার প্রবণতা কমানো এবং আটকে থাকা পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি বন্দরের জায়গা ও সংরক্ষণ সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিলাম সম্পন্ন হলে পণ্য ব্যবস্থাপনায় গতি আসবে। একই সঙ্গে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।