অর্থের অভাবে কোনো গর্ভবতী মা যেন নিরাপদ প্রসবসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়ে রংপুরে চালু হয়েছে বিশেষ উদ্যোগ। এর আওতায় প্রাথমিক পর্যায়ে ১০০ জন অসচ্ছল মাকে বিনা খরচে ব্যথামুক্ত প্রাতিষ্ঠানিক প্রসবসেবা দেওয়া হবে।
মা ও শিশুর মৃত্যুঝুঁকি কমানো এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এ কর্মসূচি নিয়েছে ডা. মফিজ উদ্দিন ফাউন্ডেশন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুর গ্রুপ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও কার্যক্রম পরিচালনায় অংশ নেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং সেবার সম্ভাব্য সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের উদ্যোগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ১০০ জন সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়ের বিনামূল্যে ব্যথামুক্ত প্রসবের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক গর্ভবতী মা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এতে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা শুধু পরিবারের নয়, সমাজেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রাতিষ্ঠানিক প্রসবসেবা নিতে না পারা মায়েদের জন্য এ উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে। ডা. মফিজ উদ্দিন ফাউন্ডেশন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের এই উদ্যোগ মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।