কক্সবাজারের পেকুয়ায় এবার চোরের নিশানা হয়েছে পাহাড়ে পালিত মহিষ। গভীর রাতে পশুটি জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা, ঘটনাস্থলে পড়ে ছিল শুধু মাথা, পা ও চামড়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ডেনেরছরা বুদুরঝিরি এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে। চুরি হওয়া মহিষটির মালিক মুহাম্মদ ইলিয়াস। তিনি টইটং ইউনিয়নের সোনাইছড়ি ঢালারমুখ এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর ধরে বারবাকিয়া বনবিটের আওতাধীন পাহাড়ি এলাকায় মহিষ পালন করছেন ইলিয়াস। ছোট-বড় মিলিয়ে তাদের মোট ২৭টি মহিষ রয়েছে। প্রতিদিন সকালে পশুগুলো পাহাড়ে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় নির্দিষ্ট স্থানে বেঁধে রেখে বাড়িতে ফেরেন তারা।
মহিষের মালিকের ছেলে হাসান জানান, বুধবার সকালে পাহাড়ে গিয়ে একটি মহিষের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মহিষ বেঁধে রাখার জায়গা থেকে কিছুটা দূরে সেটির জবাই করা মাথা, পা ও চামড়া পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে মহিষটি জবাই করে মাংস নিয়ে গেছে। পরিবারের দাবি, চুরি হওয়া মহিষটির বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। দীর্ঘদিন ধরে পাহাড়ে পশু পালন করলেও এমন ঘটনায় তারা উদ্বিগ্ন।
স্থানীয়দের ভাষ্য, একই এলাকায় আগেও গবাদিপশু চুরির ঘটনা ঘটেছে। প্রায় এক বছর আগে বেলাল উদ্দিন নামের এক ব্যক্তির প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি মহিষ চুরি হয়। অন্যদিকে, দেড় মাস আগে পেকুয়ার টইটং ইউনিয়নের বটতলী এলাকা থেকে সাবেক ইউপি সদস্য আবুল কাসেমের একটি গরু একই কায়দায় চুরি করা হয়। পরদিন ওই গরুর কাটা মাথা উদ্ধার করা হয়েছিল।
পরপর এমন ঘটনায় পাহাড়ি এলাকায় পশু পালনকারী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে দুর্গম এলাকায় নিরাপত্তার অভাবকে বড় সমস্যা হিসেবে দেখছেন স্থানীয় খামারি ও পশুপালকরা। এসব চুরি বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানো এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।