চট্টগ্রামের রাউজানে আগ্নেয়াস্ত্রসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
রবিবার (১ নভেম্বর) ভোরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কের শাহ আব্দুল হক ফকিরের মাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্র কেনাবেচা ও অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এক ব্যক্তি সেখানে অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে সন্দেহভাজন বাদশাকে তল্লাশি করে পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। উদ্ধার করা অস্ত্রের গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা ছিল।
গ্রেপ্তার বাদশা রাউজানের ডাবুয়া ইউনিয়নের হিংগলা নতুনপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রাজা মিয়া। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্যও জানিয়েছে জেলা পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, অস্ত্রটি কী উদ্দেশ্যে তার কাছে রাখা হয়েছিল, তা জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করা হবে।
এ ঘটনায় রাউজান থানার উপপরিদর্শক মোহাম্মদ আমিন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।