নাটোরে গ্যাস অনুসন্ধানের দুটি উদ্যোগে আশাব্যঞ্জক ফল পাওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অনুসন্ধানে পাওয়া সম্ভাবনা বাস্তবে গ্যাস উত্তোলনে রূপ নিলে স্থানীয় চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে শিল্পকারখানার জ্বালানি সরবরাহকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, গ্যাসের সুষম বণ্টন নিশ্চিত করে জেলার শিল্প খাতের প্রয়োজন মেটানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
কৃষকদের সেচব্যয় কমানো এবং বিদ্যুৎ সরবরাহ সহজ করতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আগামী সেচ মৌসুমে কৃষকদের যেন পানির অভাব কিংবা বাড়তি খরচের মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ চলছে।
সভায় নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সরকারি সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং জেলা প্রশাসক সুমনী আক্তার। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা সভায় অংশ নেন।