কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে আটজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে। বাকি ৫৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানা এলাকা থেকে আটজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার এবং ছয়জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জে চারজন, কবিরহাটে পাঁচজন, সোনাইমুড়ীতে চারজন, চাটখিলে ১০ জন, চরজব্বারে আটজন এবং হাতিয়ায় ছয়জনকে আটক করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
অন্যদিকে, বেগমগঞ্জ মডেল থানা এলাকায় আটক ২২ জনের মধ্যে আটজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।