পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার ১৬টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান বরাদ্দপত্র বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বোদা উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে বরাদ্দপত্র তুলে দেন তিনি।
অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানান প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে সবাইকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।