কক্সবাজারের টেকনাফে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে সেনাবাহিনীর নতুন ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় শাহজাহান চৌধুরী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি টেকনাফের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে নতুন সেনা ক্যাম্প ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, ক্যাম্প স্থাপনের জন্য উপযুক্ত স্থান যাচাই করা হচ্ছে। এ-সংক্রান্ত জমির আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে উপজেলা প্রশাসন কাজ করছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ক্যাম্প স্থাপন করা হলে পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান, মানব পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে।
এদিকে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আলাউদ্দিন খান জানান, প্রস্তাবিত এলাকাগুলোতে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সংযোগ সড়ক নির্মাণসহ প্রয়োজনীয় কারিগরি বিষয় পর্যালোচনা করা হচ্ছে। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।