দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত লালমনিরহাটের কাঙ্ক্ষিত উন্নয়নে নিরন্তর কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, কোনো অঞ্চলকে বৈষম্যের চোখে না দেখে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে সরকার।
শুক্রবার লালমনিরহাটে বড়বাড়ী জিসি-কুলাঘাট ইউপি বারোহাত কালী মন্দির ভায়া আওলিয়ার পার্ট সড়কের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, দেশের উন্নয়নের ধারায় লালমনিরহাটেও পরিবর্তন আসছে। দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত থাকা এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে তিনি কাজ করে যেতে চান।
ধরলা নদীর ভাঙনরোধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের একটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। শিগগিরই প্রকল্পের বাস্তবায়নকাজ শুরু হবে।
এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, স্থানীয় মানুষের প্রয়োজন ও সমস্যার কথা তাকে জানাতে হবে, যাতে সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া যায়।
অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলীসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী বড়বাড়ীতে স্বোচ্চার সংসদের নতুন ভবন উদ্বোধন করেন।




