বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই ব্যক্তি হলেন ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার ইসমাইল হোসেন (৩৫) ও খাজা আব্দুল আলীম মন্ডল (৩৯)। আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
পুলিশের করা মামলার এজাহার অনুযায়ী, গত ৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের একটি ক্লিনিকে খোঁজ নিয়ে আহত অবস্থায় ওই দুই ভারতীয় নাগরিকের সন্ধান পায় পুলিশ। তাদের কাছে বাংলাদেশে প্রবেশের বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেননি। পুলিশের অভিযোগ, ওই দিন সকাল ৬টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়ার চর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। এ ঘটনায় দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় মামলা করা হয়।
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন আদালতে ভিন্ন বক্তব্য তুলে ধরেন। তার দাবি, দুই ব্যক্তি ভারতের মানিকারচর এলাকায় কালাই ক্ষেতে কাজ করার সময় বিএসএফ তাদের আটক করে মারধর ও ছররা গুলি চালিয়ে আহত করে। পরে তাদের বাংলাদেশ সীমান্তে ফেলে রাখা হলে স্থানীয় মাঝি ও জেলেরা উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে আসেন।
আইনজীবী বলেন, বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে। স্পর্শকাতর বিষয়টি পর্যবেক্ষণের জন্য আদালত জামিন নামঞ্জুর করেছেন বলে তিনি জানান।




