দেশের রাজনৈতিক অঙ্গনে বিভাজন নয়, বরং সম্মিলিত অবস্থানের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তার মতে, সরকারি ও বিরোধী দলের মধ্যে ঐক্য থাকলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, দেশের মানুষ আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি দেখতে চায় না। জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। যারা নাশকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জ্বালানি সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। বিশেষ করে খামারি ও সাধারণ মানুষকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
কলেজের প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।




