রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বড়সড় এক কাতলের দেখা পেয়েছেন জেলেরা। দীর্ঘ অপেক্ষার পর জালে ওঠা মাছটির ওজন সাড়ে ১৮ কেজি। পরে মাছটি ৪৬ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে মাছটি ধরা পড়ে। জেলে ওসমান কাজী ও জামাল কাজী কয়েকজন সহযোগীকে নিয়ে মাছটি শিকার করেন।
জেলেরা জানান, মঙ্গলবার রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে নামেন তারা। দীর্ঘ সময় জাল ফেলেও তেমন কোনো মাছের দেখা মেলেনি। তবে বুধবার ভোরে জালে বড় ধরনের টান অনুভব করেন তারা। পরে সবাই মিলে জাল টেনে তুলতেই বিশাল আকৃতির কাতল মাছটি দেখতে পান। বড় মাছটি পেয়ে আনন্দে মেতে ওঠেন জেলেরা।
পরে মাছটি দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়তে নিয়ে আসা হয়। সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন।
চান্দু মোল্লা জানান, কেনার পর প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দিয়েছেন তিনি। ফলে পদ্মার বড় এই কাতল ঘিরে জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়।




