চট্টগ্রামের চন্দনাইশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শাহজালাল বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকারিটি থেকে প্রায় ১৬ হাজার টাকা মূল্যের ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) চন্দনাইশ পৌরসভা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে। প্রশাসন সূত্র জানায়, অভিযানে বেকারিটিতে খাদ্য উৎপাদনে অস্বাস্থ্যকর পরিবেশ এবং ক্ষতিকর অ্যামোনিয়া, নিষিদ্ধ কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহারের বিষয়টি উঠে আসে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এ ছাড়া আবাসিক বিদ্যুৎ মিটার বাণিজ্যিক কাজে ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের সময় বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে নির্মিত অবৈধ স্থাপনাও সরিয়ে দেওয়া হয়। এতে পথচারীদের চলাচলের জায়গা উন্মুক্ত করার পাশাপাশি বাজারের যানজট কমানোর উদ্যোগ নেওয়া হয়।
ইউএনও মো. আবদুর রহমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও ক্ষতিকর উপাদানযুক্ত খাদ্যের বিরুদ্ধে অভিযান চলবে। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি করা হবে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।