চাকরির পেছনে না ছুটে নতুন কিছু করার প্রত্যয়ে বাড়ির আঙিনায় বিদেশি আনারকলি ফল চাষ শুরু করেন ২৮ বছর বয়সী যুবক রায়হান আহমেদ রিপন। শখের বসে লাগানো দুটি গাছেই মিলেছে অভাবনীয় সাফল্য। তার দাবি, এক বছরের মধ্যে গাছ দুটি থেকে এক হাজারের বেশি ফল পেয়েছেন তিনি। এবার পৈতৃক জমিতে বাণিজ্যিকভাবে আনারকলি চাষের স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর বানিয়াপাড়ার বাসিন্দা রিপন। তিনি রেজাউল ইসলামের ছেলে। বিএ পাস করে চাকরির পেছনে না ছুটে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনা খুঁজছেন তিনি।
রিপন জানান, কয়েক বছর আগে কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথম আনারকলি বা প্যাশন ফ্রুটের স্বাদ নেন। ফলটি ভালো লাগায় সেখান থেকে বীজ এনে চাষের চেষ্টা করলেও সফল হননি। পরে গত জুন মাসে দিনাজপুর হর্টিকালচার বিভাগের সহযোগিতায় ৮০০ টাকা দিয়ে দুটি চারা সংগ্রহ করেন। ইউটিউব দেখে এবং কৃষিবিদদের পরামর্শ নিয়ে বাড়ির চার শতাংশ জায়গায় মাচা তৈরি করে চারা দুটি রোপণ করেন।
পরিচর্যার প্রায় চার-পাঁচ মাসের মধ্যে গাছে ফুল আসতে শুরু করে। পরে ফুল থেকে ফল ধরতে থাকে। বর্তমানে মাচাজুড়ে ছড়িয়ে পড়েছে লতানো গাছ। ঝুলছে অসংখ্য সবুজ আনারকলি। টক-মিষ্টি স্বাদের ভিটামিন সি সমৃদ্ধ এই বিদেশি ফল দিনাজপুরের মাটিতে ফলানো সম্ভব হওয়ায় এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
রিপনের বাড়িতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ফলটি দেখতে আসছেন। কেউ স্বাদ নিচ্ছেন, আবার কেউ চাষের আগ্রহ নিয়ে কিনে নিচ্ছেন চারা। ইতোমধ্যে ৫০ থেকে ৬০টি চারা বিক্রি করেছেন তিনি। বাণিজ্যিক চাষের প্রস্তুতি হিসেবে আরও ১০০টি চারা তৈরি করেছেন।
স্থানীয় বাসিন্দা বারেকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গে প্রথমবারের মতো আনারকলি চাষ দেখেছেন তিনি। ফলটি খেতে সুস্বাদু এবং চাষেও খুব বেশি কষ্ট করতে হয় না। রিপনের কাছ থেকে চারা নিয়ে নিজের জমিতে লাগানোর পরিকল্পনা করছেন।
স্কুলশিক্ষক মো. রবিউল ইসলামও জানান, এর আগে তিনি ফলটি দেখেননি। স্বাদ ভালো লাগায় বাড়িতে চাষের জন্য কয়েকটি চারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রিপনের ছোট ভাই ইমরান আহমেদ রাসেল বলেন, প্রথম দিকে গাছগুলো শিমগাছের মতো লতিয়ে বাড়তে থাকে। পরে মাচা তৈরি করে দেওয়া হয়। ফুল আসার পর পরাগায়নেও তারা সহযোগিতা করেন। এখন অনেক মানুষ ফলটি দেখতে আসছেন। তাদের ফল খাওয়ানোর পাশাপাশি চাষের পদ্ধতিও জানানো হচ্ছে।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোত্তাকিন জানান, উপজেলার মাটি আনারকলি চাষের উপযোগী। ফলটির দুটি জাত রয়েছে। রিপনের বাগানের জাতটি পাকলে হলুদ রং ধারণ করে। অন্য একটি জাতের ফল পাকলে বেগুনি হয়। ফুলবাড়ীতে আরও একজন কৃষক এই ফল চাষ করেছেন।
তিনি বলেন, আনারকলির বাজার তৈরি করা জরুরি। ফলটির পরিচিতি বাড়াতে কৃষি বিভাগের বিভিন্ন সভায় প্রচারের উদ্যোগ নেওয়া হবে। রিপন বাণিজ্যিকভাবে চাষ শুরু করতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপপরিচালক মো. এজামুল হক বলেন, শুরু থেকেই রিপনকে চাষের বিষয়ে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়েছে। তার দুটি গাছে সফলভাবে ফল আসা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। নতুন জাতের ফল চাষে তরুণদের এগিয়ে আসা উচিত। এ ধরনের উদ্যোগে সফল উদ্যোক্তা তৈরিতে হর্টিকালচার বিভাগ সহযোগিতা করতে প্রস্তুত।