শিশুকিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে রংপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের মহানগরী শাখা। শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে নগরী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। অঙ্কন, সংগীত, আবৃত্তি, তেলাওয়াত, একক অভিনয় ও দেয়ালিকা—এই ছয়টি বিভাগে প্রতিযোগীরা নিজেদের প্রতিভা তুলে ধরে। উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা করেন অতিথিরা।
বক্তারা বলেন, পাঠ্যশিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিশুদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক। তাদের মধ্যে সুস্থ সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক মো. আবু জাফর। সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর মহানগরী শাখার উপদেষ্টা পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শাওন মাহমুদা আশিক।
আয়োজন পরিচালনা করেন শাখার পরিচালক মো. বদিউজ্জামান সাদিক। ব্যবস্থাপনায় সহযোগিতা করেন সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক ও নাসিব হাসান নূর। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।