মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আলমগীর দালাল (৪৫) নামে এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের চৈতারচর খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইয়ে দাঁড়াল।
নিহত আলমগীর দালাল চরডুমুরিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে। তিনি মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন। এর আগে বৃহস্পতিবারের সংঘর্ষে সেলিম মোল্লা (৪০) নামে আরেক বিএনপি কর্মী নিহত হন।
আলমগীরের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে চৈতারচর খালের পাড়ে স্থানীয় নারী-পুরুষের ভিড় জমে। এ সময় সেখানে একটি পক্ষকে রহিম মোল্লার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি ঘিরে এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে ১৫ থেকে ২০ জন খালের পানিতে ঝাঁপ দেন। তাদের মধ্যে আলমগীর নিখোঁজ হন। পরে শনিবার তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন মোল্লা ও বিএনপি নেতা রহিম মোল্লার মধ্যে বিরোধ চলছিল। দুজনই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। এই বিরোধের জেরেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। এর আগেও এক সপ্তাহ আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
এদিকে সংঘর্ষ, হত্যাকাণ্ড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় শুক্রবার থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা করেছে। অন্য মামলাটি করেছেন নিহত সেলিম মোল্লার বাবা নুরুল ইসলাম মোল্লা। হত্যা মামলায় রহিম মোল্লাসহ ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
আওলাদ হোসেন মোল্লা প্রতিপক্ষ রহিম মোল্লাকে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে মামলার আসামি রহিম মোল্লা পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মোল্লাকান্দিতে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।