ঢাকার আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ে।
খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
জিরাবো ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।




