ভূমি অফিসে দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। একই সঙ্গে ভূমিদস্যুদের কোনো ধরনের সুযোগ না দিয়ে সাধারণ সেবাপ্রত্যাশীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কর্মকর্তাদের নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আয়োজনে ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভূমি অফিসে কোনো ভূমিদস্যু যাতে প্রভাব বিস্তার কিংবা অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ যেন অগ্রাধিকার পান, তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব।
ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, আধুনিক ও স্বয়ংক্রিয় ভূমি সেবা ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের আশ্রয় নেওয়া যাবে না। কারণ, অন্যায়ের জন্য শুধু পার্থিব জীবনেই নয়, পরকালেও জবাবদিহি করতে হবে। অনিয়মের মাধ্যমে সম্পদের মালিক হওয়া ব্যক্তিরা প্রকৃত শান্তি পান না বলেও মন্তব্য করেন তিনি।
ভূমি মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি সেবার মান উন্নয়নের মধ্য দিয়ে দেশের অগ্রগতিতে সবাইকে অবদান রাখতে হবে।
রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে।
এতে রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।