রাঙ্গামাটি পার্বত্য জেলার সীমান্তবর্তি বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোন উড়তে দেখে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রহস্যময় ৩ টি ড্রোন লক্ষ করে গুলি করছে ২৭ বিজিবি। গতকাল শুক্রবার রাতে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ড্রোনটির উৎস ও পরিচালনাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা রঙের আলো জ্বালানো অবস্থায় একটি সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যায়। এ সময় সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থান নেন দায়িত্বরত বিজিবি সদস্যরা। একপর্যায়ে ড্রোনটিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাড এর উপর রহস্যময় ৩ টি ড্রোন দেখতে পেয়ে বিজিবির আশপাশের সকল বিউপি ক্যাম্পকে সতর্ক করা হয়। পরে জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি’র দিকনির্দেশনায় ড্রোন গুলোকে শুট ডউন করার লক্ষে এলএমজি দিয়ে পর পর ১৫ রাউন্ড গুলি করা হয়েছে। গুলির পর দ্রুত ড্রোনগুলো স্থান ত্যাগ করে দুরে সরে যায়। ধারণা করা হচ্ছে পাহাড়ের বিরাজমান পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে অদৃশ্য কোন শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে: কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ,পিএসসি বলেন সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। সকল বিওপিকে সর্বচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাতের একটি ভিডিওতে দেখা যায়, অন্ধকার আকাশের দিকে তাক করে রাইফেল দিয়ে গুলি ছুড়ছেন বিজিবি সদস্যরা। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে, কারা এটি পরিচালনা করছিল কিংবা গুলিতে ড্রোনটির কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে।




