বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ এবং কার্গো পরিবহন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করতে চায় আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ। এ লক্ষ্যে উড়োজাহাজ লিজ দেওয়ার পাশাপাশি বিমানের বহরে থাকা দুটি উড়োজাহাজকে পণ্য পরিবহনের বিশেষ উড়োজাহাজে রূপান্তরের আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার  (১০ নভেম্বর) চিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলটি জানায়, উড়োজাহাজ কেনা, অর্থায়ন, লিজিং এবং সম্পদ ব্যবস্থাপনায় তাদের দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণেও তারা অংশ নিতে আগ্রহী।
মন্ত্রী বলেন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে আধুনিক ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগ পর্যন্ত চাহিদা সামাল দিতে লিজের মাধ্যমে বিমান সংগ্রহের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ ক্ষেত্রে উড়োজাহাজের ব্যবহারকাল, রক্ষণাবেক্ষণের রেকর্ড ও কারিগরি সক্ষমতা যাচাই করা হবে।
তিনি আরও জানান, দেশে পণ্য পরিবহনের চাহিদা বাড়ায় বিমানের দুটি উড়োজাহাজকে পূর্ণাঙ্গ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পরিবহনের সুযোগ বাড়বে। পাশাপাশি রাষ্ট্রীয় বিমান সংস্থার রাজস্ব আয়েও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
হাইবারি গ্রুপের পক্ষ থেকে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান বিমানমন্ত্রী। বৈঠকে উভয় পক্ষই এভিয়েশন খাতের উন্নয়ন, উড়োজাহাজ অর্থায়ন ও কার্গো পরিবহনে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে।