সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইটও একই সময় পর্যন্ত স্থগিত করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত কিংবা দেশে ফিরতে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।