জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি ছিল। উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণসংক্রান্ত নথি পর্যালোচনায় এসব ত্রুটির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তদন্ত কমিটির কার্যক্রম নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ। তিনি জানান, কমিটির চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে তদন্তসংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি সত্য। উড়োজাহাজটিতে পাঁচটি ত্রুটি থাকার তথ্যও পাওয়া গেছে। তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় এ মুহূর্তে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।
গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বিমানের প্রকৌশলী দল ও জাপানি প্রযুক্তিবিদদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। এতে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।
এ ঘটনার পরদিন, ৩০ অক্টোবর চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পরীক্ষা করা হয়। সেখানেই অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটির তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং প্রধানকে। সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
নিরপেক্ষ ও নির্ভুল তদন্ত নিশ্চিত করতে কমিটিকে বিমানের যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করে সদস্য করার ক্ষমতাও দেওয়া হয়েছে।



