দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে চালুর পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। পরিচালনার দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী সোমবার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির উদ্বোধন হতে পারে।
দীর্ঘ আলোচনা, দরকষাকষি ও নানা শর্ত নিয়ে মতবিরোধের অবসান ঘটিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতার পর আগামী সোমবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হবে। টার্মিনালটি আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, আগামী রবিবার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বেবিচকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে চুক্তির বিষয়ে অনুমোদন দেওয়া হয়। এর আগে প্রস্তাবের কয়েকটি শর্ত নিয়ে বিভিন্ন পর্যায়ে আপত্তি ও বিতর্ক তৈরি হয়েছিল।
বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং আগামী ১৫ বছর ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্ত নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনায় আসে।
সংসদীয় কমিটির বৈঠকে বলা হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হলে সেসব অবকাঠামোর সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজির থাকায় বাংলাদেশেও এমন সুযোগ রাখার বিষয়টি আলোচনায় আসে। রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামোর ব্যবহার সীমিত হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।
চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আগে মতবিরোধ দেখা দিয়েছিল। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বাংলাদেশের মূল রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়ে আপত্তি ওঠে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল ও অর্থ পরিশোধের বিষয়েও আলোচনা হয়।
তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রথমে ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে সংশোধিত ব্যয় ও অন্যান্য কাজ যুক্ত হয়ে প্রকল্পের মোট খরচ বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে এর সফট উদ্বোধন করা হয়। এরপর দুই বছরের বেশি সময় পার হলেও পরিচালনা চুক্তি চূড়ান্ত না হওয়ায় টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রীসেবা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। নতুন টার্মিনাল যুক্ত হলে বছরে প্রায় দুই কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
টার্মিনাল ভবনে রয়েছে ১৬টি নিয়মিত ব্যাগেজ বেল্ট এবং অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য চারটি পৃথক বেল্ট। এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে তিন ধরনের ব্যাগেজ সংরক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত ব্যাগেজ সংরক্ষণ, হারানো ব্যাগেজ খুঁজে পাওয়ার ব্যবস্থা এবং অতিরিক্ত আকারের ব্যাগেজ সংরক্ষণের সুবিধা।
যাত্রীদের চলাচল সহজ করতে স্থাপন করা হয়েছে বিশেষ ধরনের চলন্ত সিঁড়ি। দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয় এমন যাত্রীদের জন্য এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। বিশ্বের আধুনিক বিমানবন্দরগুলোতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়।
নতুন টার্মিনালে প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে বেবি কেয়ার লাউঞ্জ। এসব লাউঞ্জে মায়েদের জন্য বুকের দুধ খাওয়ানোর বিশেষ কক্ষ, শিশুর ডায়াপার পরিবর্তনের জায়গা এবং পরিবারের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে খেলার জায়গা ও দোলনার ব্যবস্থা।
এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার কক্ষ, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং আইসোলেশন কক্ষ নির্মাণ করা হয়েছে। যাত্রীদের দ্রুত সেবা দিতে থাকছে ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক। এসব যন্ত্রে পাসপোর্ট ও টিকিটের তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস ও আসন নম্বর পাওয়া যাবে। এরপর নির্ধারিত স্থানে লাগেজ জমা দিলে তা স্বয়ংক্রিয় ব্যবস্থায় উড়োজাহাজে পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হবে।
এ টার্মিনালে যাত্রীদের জন্য আরও ১০০টি চেক-ইন কাউন্টার রাখা হয়েছে। নির্ধারিত ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজ নিয়ে এসব কাউন্টারে চেক-ইন করা যাবে না। অবসর সময়ে যাত্রীদের সময় কাটানোর জন্য মুভি লাউঞ্জ ও এয়ারলাইনস লাউঞ্জ তৈরির কাজও চলছে। এসব লাউঞ্জ ছাড়া অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।
সব মিলিয়ে তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন খাতে নতুন সক্ষমতা যুক্ত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক যাত্রীসেবা, বিমানবন্দরের ব্যবস্থাপনা ও দেশের যোগাযোগ অবকাঠামো আরও আধুনিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।