আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিমানবন্দরটি চালু হলে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন এ বিমানবন্দরের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি কক্সবাজারে আসার সুযোগ পাবেন। এতে পর্যটন খাতের বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগও বাড়বে।
কক্সবাজারের সঙ্গে চীনের কুনমিংয়ের সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, চায়না সাউদার্ন এয়ারলাইনস ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের জন্য এ রুট চালু করা সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। এ ছাড়া এয়ারএশিয়া পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে। কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট চালুর বিষয়ে ফ্লাইদুবাইয়ের আগ্রহকেও স্বাগত জানান তিনি। নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে আর্থিক প্রণোদনা বা অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং মন্ত্রণালয় ও দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




