পুরান ঢাকার বাংলাবাজারের শ্রীশচন্দ্র দাস লেন। সরু গলি পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে পুরোনো দোতলা একটি ভবন। নাম বিউটি বোর্ডিং। বাইরে থেকে সাধারণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁ মনে হলেও এর প্রতিটি দেয়াল, বারান্দা আর উঠানে মিশে আছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ ইতিহাস। একসময় এই আঙিনায় নিয়মিত বসত কবি, লেখক, সাংবাদিক, শিল্পী ও বুদ্ধিজীবীদের মিলনমেলা। সাহিত্য, রাজনীতি, চলচ্চিত্র ও সমকালীন নানা বিষয় নিয়ে চলত ঘণ্টার পর ঘণ্টা আলোচনা। সময়ের পরিবর্তনে সেই প্রাণবন্ত আড্ডা হারিয়ে গেলেও ঐতিহ্যের স্মারক হয়ে এখনো দাঁড়িয়ে আছে বিউটি বোর্ডিং।
প্রতিষ্ঠানটির যাত্রার পেছনেও রয়েছে ইতিহাস। দেশভাগের আগে এখানে ছিল ‘সোনার বাংলা’ পত্রিকার কার্যালয় ও ছাপাখানা। ১৯৪৭ সালে দেশভাগের পর পত্রিকাটির কার্যালয় কলকাতায় চলে গেলে ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকে। পরে ১৯৪৯ সালে নলিনী মোহন সাহা ও প্রহ্লাদ চন্দ্র সাহা ভবনটি ভাড়া নিয়ে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ চালু করেন। বাংলাবাজারে প্রকাশনা ও মুদ্রণশিল্পের প্রসার ঘটায় অল্প সময়ের মধ্যেই লেখক-সাহিত্যিকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে জায়গাটি।
বিউটি বোর্ডিংয়ের আড্ডায় নিয়মিত অংশ নিতেন শামসুর রাহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আহমদ ছফা, আবুল হাসান, রফিক আজাদ, আসাদ চৌধুরী, বেলাল চৌধুরী ও আখতারুজ্জামান ইলিয়াসের মতো বিশিষ্ট সাহিত্যিকেরা। সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, সন্তোষ গুপ্ত ও ফয়েজ আহমদসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের বহু পরিচিত মুখেরও পদচারণা ছিল এখানে। নতুন লেখকদের সঙ্গে প্রতিষ্ঠিত সাহিত্যিকদের পরিচয় ও মতবিনিময়ের সুযোগ তৈরি করত এই আড্ডা। এখানকার আলোচনা থেকে জন্ম নিয়েছে নানা সৃজনশীল ভাবনা ও সাংস্কৃতিক উদ্যোগ।
তবে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের স্মৃতিতে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ২৮ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহাসহ ১৭ জন নিহত হন বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে পরিবারের সদস্যরা ফিরে এসে আবার প্রতিষ্ঠানটি চালু করেন।
সময়ের সঙ্গে বিউটি বোর্ডিংয়ের পরিবেশে পরিবর্তন এসেছে। আগের মতো নিয়মিত সাহিত্যিকদের আড্ডা আর বসে না। বাংলাবাজারের প্রকাশনা জগতের পরিবর্তন, মানুষের ব্যস্ততা এবং সাহিত্যচর্চার নতুন মাধ্যম সেই পুরোনো সংস্কৃতিকে অনেকটাই পেছনে ঠেলে দিয়েছে। বর্তমানে আবাসিক হোটেল ও রেস্তোরাঁর কার্যক্রমই বেশি দৃশ্যমান। তবু ইতিহাসের টানে প্রতিদিনই কেউ না কেউ এখানে আসেন। পুরোনো ছবি, স্মৃতিচিহ্ন ও ভবনের পরিবেশ তাদের ফিরিয়ে নিয়ে যায় সাহিত্য-সংস্কৃতির সেই সোনালি সময়ে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া পারভীনের মতে, বিউটি বোর্ডিং বাংলা সংস্কৃতির ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। এটি কেবল থাকার বা খাবারের জায়গা ছিল না, বরং বহু কবি, লেখক, শিল্পী ও সাংবাদিকের সৃজনশীল ভাববিনিময়ের কেন্দ্র। একসময় এখানে সাহিত্য, রাজনীতি ও চলচ্চিত্র নিয়ে প্রাণবন্ত আলোচনা হতো। চলচ্চিত্র পরিচালক আবদুল জব্বার খান এখানেই বসে ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন।
তিনি আরও জানান, বর্তমানে ভবনটির বিভিন্ন অংশ জীর্ণ হয়ে পড়েছে। আগের মতো নিয়মিত সাহিত্যিকদের সমাগমও নেই। অথচ এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় যথাযথ সংরক্ষণ প্রয়োজন। সরকারি উদ্যোগে ভবনটির অবকাঠামো ও স্মৃতিচিহ্ন রক্ষা করা গেলে নতুন প্রজন্ম বাংলা সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
পুরান ঢাকার অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে বিউটি বোর্ডিংয়ের অবস্থান তাই আলাদা। এটি শুধু একটি পুরোনো ভবন নয়, বরং কয়েক প্রজন্মের সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক সম্পর্কের স্মৃতিবাহী ঠিকানা। যে উঠানে একসময় কবিতার পঙক্তি, গল্পের ভাবনা আর তর্ক-বিতর্কে সময় কাটত, সেখানে আজও ইতিহাসের নীরব উপস্থিতি অনুভব করা যায়। সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আগেই সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি।