যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সিআইএ ও ওডিএনআইয়ের ওয়েবসাইটে হ্যাকারদের অনুপ্রবেশের পর কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর ওডিএনআইয়ের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠান দুটির ব্যবহৃত কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। তবে প্রাথমিক তদন্তে এসব তথ্যকে রাষ্ট্রীয় গোপনীয় বা জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট শ্রেণিবদ্ধ তথ্য হিসেবে চিহ্নিত করা হয়নি।
ঘটনার পর অনুপ্রবেশের ধরন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা। কীভাবে হামলাকারীরা সংশ্লিষ্ট ডিজিটাল ব্যবস্থায় প্রবেশ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সকে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যগুলো এমন কিছু ব্যবস্থায় সংরক্ষিত ছিল, যেগুলোতে বিশেষ গোপনীয়তার শ্রেণিবিন্যাস ছিল না। এখন পর্যন্ত অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা নথি কিংবা গোপন অভিযান পরিচালনার নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানের জন্য দুই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে। এর মধ্যে শ্রেণিবদ্ধ নেটওয়ার্কে জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা অভিযান ও স্পর্শকাতর তথ্য রাখা হয়। অন্যদিকে সাধারণ নেটওয়ার্কে প্রশাসনিক কাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং ঠিকাদারদের সঙ্গে সমন্বয় করা হয়। বাইরের সফটওয়্যার ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ থাকায় এসব ব্যবস্থায় সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়।
ঘটনাটি তদন্তে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। হামলার উৎস শনাক্ত করার পাশাপাশি আক্রান্ত ব্যবস্থাগুলোর নিরাপত্তা জোরদারে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কোনো দেশ বা হ্যাকার গোষ্ঠীকে এ ঘটনার জন্য দায়ী করা হয়নি।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোতে একাধিক সাইবার অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। এর আগে এফবিআইয়ের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের ওয়েবসাইটেও অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অপরাধীদের তথ্য আদান-প্রদানে এই তথ্যভান্ডার ব্যবহার করে।
এ ছাড়া দেশটির কৃষি মন্ত্রণালয়ের একটি ডিজিটাল ব্যবস্থাও হামলার শিকার হয়েছে। কৃষিঋণ, সরকারি ভর্তুকি ও সংরক্ষণ কর্মসূচি পরিচালনায় ব্যবহৃত ওই ব্যবস্থার কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে সেখানে ব্যক্তিগত তথ্য চুরির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর বাইরেও ইলিনয়ের ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন বাঁধ, পেন্টাগন এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে ঘিরে বিভিন্ন সাইবার নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের সরকারি ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: রয়টার্স