হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। নাইটলাইফ এলাকা, ক্রীড়া আয়োজন ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্থানে পৃথক বন্দুক হামলায় অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে টেক্সাসের ডালাস শহরে।
সোমবার (২ নভেম্বর) ফ্রান্স ২৪-এর প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে এসব ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে।
ডালাসের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত ডিপ এলুম এলাকায় শনিবার রাতটি ছিল সবচেয়ে ভয়াবহ। মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে সেখানে তিন দফা গুলির ঘটনা ঘটে। এতে প্রাণ হারান চারজন, আহত হন আরও ১৫ জন। পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো জানিয়েছেন, এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ঘটনাস্থলের ব্যাপ্তি তুলে ধরে পুলিশ প্রধান জানান, গোলাগুলির ঘটনাগুলো বড় একটি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি বিবেচনায় আগে থেকেই ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছিল। তবে হামলার ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হননি।
আলাবামার বার্মিংহামেও উৎসবের রাত রক্তাক্ত হয়ে ওঠে। লেজিয়ন ফিল্ডে অনুষ্ঠিত ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর দুটি পৃথক গোলাগুলিতে একজন নিহত ও আটজন আহত হন। মেয়র র্যান্ডাল উডফিন জানিয়েছেন, হতাহতরা ওই খেলা দেখতে আসা দর্শকদের মধ্যকার মানুষ।
শহরটির পুলিশ প্রধান মাইকেল পিকেটের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ দর্শক স্টেডিয়াম ছেড়ে যাওয়ার পর গ্রেমন্ট অ্যাভিনিউ এলাকায় গুলির ঘটনা শুরু হয়। পুলিশ মুখপাত্র ডি’রেল ফ্রিম্যান জানিয়েছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের কাছের একটি বিনোদন এলাকায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। নিউয়ার্ক পুলিশের লেফটেন্যান্ট গ্রেগ ডি’এলিয়া জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় গোলাগুলিতে ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক নারী গুরুতর আহত হন। অন্যদিকে আরকানসাস বিশ্ববিদ্যালয়ের কাছে সংঘর্ষের পর গুলিবর্ষণের ঘটনায় ছয়জন আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে সেখানে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।
হ্যালোইন ঘিরে সহিংসতার ধারাবাহিকতায় শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড এবং মিশিগানের ম্যাডিসন হাইটসের স্পিরিট হ্যালোইন স্টোরে আরও দুটি গুলির ঘটনা ঘটে। পৃথক এসব ঘটনায় একজন অন্তঃসত্ত্বা নারীসহ দুজন নিহত হন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব হামলার ঘটনায় উৎসবকালীন জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: ফ্রান্স ২৪।




