যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়ার ধরন ও লক্ষ্যবস্তুতে বড় পরিবর্তন আনার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার এক টেলিভিশন অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, নতুন করে হামলা হলে ইরানের প্রতিরক্ষামূলক ও পাল্টা আক্রমণাত্মক কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। সে ক্ষেত্রে নতুন ধরনের অস্ত্র ও সামরিক সক্ষমতা ব্যবহারের কথাও জানান তিনি।

মোহেবির বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য নতুন সংঘাতের ক্ষেত্রে এমন কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে, যেগুলো এর আগে ইরানের সামরিক অভিযানের আওতায় আসেনি। দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলায় আইআরজিসি প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।

তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে আলোচনায় রয়েছে। ইরানের দাবি, দেশটি দীর্ঘস্থায়ী সংঘাতের বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে।