ফুটবলের মাঠে সাফল্যের পাশাপাশি সামাজিক অবদানের স্বীকৃতিও পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ‘২০২৬ প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করতে বৃহস্পতিবার স্পেনের ওভিয়েদো শহরে পৌঁছেছেন তিনি।
ফুটবল ক্যারিয়ারে অসাধারণ অর্জন এবং নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখার জন্য মেসিকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। পুরস্কার গ্রহণের খবর জানিয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি প্রয়াত বাবা হোর্হে মেসির কথাও স্মরণ করেছেন তিনি।
মেসি বলেন, পুরস্কারটি নিয়ে তার বাবা খুবই উচ্ছ্বসিত ছিলেন। ব্যস্ত ফুটবল সূচির কারণে স্পেনে আসা কঠিন হবে—এমন ধারণা থাকলেও বাবা তাকে এখানে এসে কয়েক দিন কাটিয়ে পুরস্কার গ্রহণের জন্য বারবার উৎসাহ দিয়েছিলেন।
সফরের প্রথম দিনেই শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন মেসি। পরে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া ও অন্যান্য পুরস্কারজয়ীর সঙ্গে নৈশভোজে যোগ দেন তিনি।
শুক্রবার ওভিয়েদোর ঐতিহ্যবাহী তেয়াত্রো কাম্পোয়ামোরে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা। ১৯ শতকের এই অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্রে মেসির হাতে সম্মাননাটি তুলে দেওয়া হবে।
তবে স্পেনে দীর্ঘ সময় থাকার সুযোগ নেই তার। অনুষ্ঠান শেষ করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মেসির। শনিবার রাতে এমএলএসের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।