স্পেনের মাদ্রিদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দুর্ঘটনার পর সরকারের দায়িত্ব ও রেল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার রাজনৈতিক চাপে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, মাত্র নয় মাস আগে আরেকটি ট্রেন দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি হয়েছিল। পরপর এমন প্রাণঘাতী ঘটনার পর দেশটির রেল যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বেড়েছে। সাম্প্রতিক দুর্ঘটনার পর বিরোধী দলগুলো পরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
 তাদের অভিযোগ, রেল নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের যথাযথ পদক্ষেপের ঘাটতি রয়েছে। তবে পরিবহনমন্ত্রী ঘটনাটিকে মানবিক ভুলের সম্ভাব্য ফল হিসেবে উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ, আবাসন সংকট ও অভিবাসন ইস্যুতে আগে থেকেই সরকারের ওপর চাপ ছিল। নতুন দুর্ঘটনা সেই অসন্তোষকে আরও বাড়িয়ে দিতে পারে। 
এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো সরকারের সমালোচনা জোরদার করেছে। বিভিন্ন জরিপে বিরোধী সেন্টার-রাইট ও উগ্র ডানপন্থী শক্তির সমর্থন বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্তের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ ঘটনায় সরকারের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কতটা প্রভাবিত হবে, তা সময়ই বলে দেবে।