যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফেয়ারফিল্ড শহরের সোলানো টাউন সেন্টার মলে অবস্থিত ‘স্পিরিট হ্যালোইন’ নামের একটি অস্থায়ী দোকানে এ হামলার ঘটনা ঘটে। ফেয়ারফিল্ডের পুলিশপ্রধান ড্যান মার্শাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
তিনি জানান, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৪৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ওই শপিং মলে গুলির ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফেয়ারফিল্ড পুলিশ জানায়, ঘটনাস্থলকে সক্রিয় অপরাধস্থল হিসেবে বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে। গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছেন এবং হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করছেন।
 ঘটনার সময় ওই মলে কেনাকাটা করছিলেন মার্কিন নৃত্যশিল্পী ডেভিড বার্নালের স্ত্রী। তিনি নিরাপদে বাড়িতে ফিরলেও ঘটনার আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। ডেভিড বার্নাল জানান, তাঁর স্ত্রী গুলির মতো পাঁচটি বিকট শব্দ শুনেছিলেন। তবে হামলার পেছনের কারণ এবং সন্দেহভাজন ব্যক্তির পরিচয় সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।