পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব ভারতের ওপর পড়তে না দেওয়াকে সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে বিভ্রান্তি ও অস্থিরতা ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) গুজরাটের বনাসকাঁঠায় এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও সারের সরবরাহ নিয়ে সংকট তৈরি হয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাব মোকাবিলায় ভারত সম্মিলিতভাবে কাজ করছে। তবে এই পরিস্থিতিতে দেশের স্বার্থে এক হওয়ার বদলে একটি পক্ষ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপর রয়েছে বলে দাবি করেন তিনি।
মোদির অভিযোগ, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিশেষ করে কৃষকদের সার সরবরাহ নিয়ে ভুল ধারণা দেওয়া হচ্ছে। সংকটকে কাজে লাগিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।